নরসিংদীতে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
গ্রেফতার কৃত যুবক
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ মো. শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার সাখু শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ।
তিনি জানান, রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শাখাওয়াত হোসেন সাখুকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটকের পর সাখুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর নিজ বাড়ির একটি ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শাখাওয়াত হোসেন সাখুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন